জাতীয়

দেশের দুই জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

রাঙামাটি, ৩০ মার্চ – দেশের দুটি জেলায় সোমবার সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি ও সিলেট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে এই সময়ে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language