লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি হামলায় নিহত ১

বৈরুত, ৩০ মার্চ – লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) একটি সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় অবস্থিত শান্তিরক্ষীদের ওই ঘাঁটিতে ইসরায়েলি গোলাবর্ষণ করা হয়।
এর ফলে সেখানে অবস্থানরত ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীদের একটি দল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। লেবাননের বেসরকারি সম্প্রচারমাধ্যম আল জাদিদ জানিয়েছে, এই হামলায় আরও বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা রয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ইতিমধ্যে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মোট হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শাকরা শহরে ইসরায়েলি বাহিনীর চালানো পৃথক একটি বিমান হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নিশ্চিত করেছে।
এস এম/ ৩০ মার্চ ২০২৬









