ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প

ওয়াশিংটন, ৩০ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে আগ্রহী। একই সঙ্গে ইরানের খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও ওয়াশিংটন নিতে চায় বলে তিনি উল্লেখ করেছেন।
এই পরিস্থিতিকে ট্রাম্প লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের গৃহিত নীতির সঙ্গে তুলনা করেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বাহিনী সামরিক অভিযান চালায়। ওই সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ তুলে এনে নিউইয়র্কে আটক রাখা হয়। এরপর থেকে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর নিয়ন্ত্রণ আরোপের ইচ্ছার কথা ওয়াশিংটন ক্রমাগত জানিয়ে আসছে।
ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন যে সত্যি বলতে ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়াই তার সবচেয়ে পছন্দের কাজ। কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু মানুষ এর বিরোধিতা করে প্রশ্ন তুলছেন যা ট্রাম্পের মতে চরম বোকামি।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান যে তারা হয়তো খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেবেন অথবা নেবেন না। কারণ তাদের হাতে আরও অনেকগুলো বিকল্প রয়েছে। প্রয়োজনে সেখানে মার্কিন বাহিনীকে কিছুদিন অবস্থান করতে হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
খারগ দ্বীপে থাকা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প দ্রুত জবাব দেন। তিনি বলেন যে তার মনে হয় না ইরানের কোনো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আছে। মার্কিন বাহিনী খুব সহজেই ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম বলে তিনি জোর দাবি করেন।
এনএন/ ৩০ মার্চ ২০২৬









