জাতীয়

হামের সংক্রমণ বাড়ছে, ৬০৪ কোটি টাকার টিকা কিনছে সরকার

নারায়ণগঞ্জ, ২৯ মার্চ – দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় ৬০৪ কোটি টাকা ব্যয়ে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গত আট বছর দেশে হামের টিকাদান কার্যক্রম কার্যত বন্ধ থাকায় নতুন করে রোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত এশিয়া ফার্মা এক্সপো ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের রোগী অনেক বেড়েছে। আট বছর আগে সর্বশেষ এই টিকা দেওয়া হয়েছিল। এরপর আর কোনো সরকার এই বিষয়ে পদক্ষেপ নেয়নি।

বর্তমান সরকার ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে এবং ক্রয় কমিটিও এর অনুমোদন দিয়েছে। যথাসময়ে টিকা সংগ্রহ করে কার্যক্রম শুরু করা হবে। সংক্রমণ মোকাবিলায় চিকিৎসা প্রস্তুতির কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, একসময় নিয়মিত টিকাদান কর্মসূচির কারণে দেশে হামের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। তবে চলতি বছর নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ৪ জানুয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হামের রোগী শনাক্ত হওয়ার পর ১০ জানুয়ারি সতর্কতা জারি করা হয়। একই সময়ে রাজধানীর বিভিন্ন বস্তি এলাকাতেও রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালে ওয়ার্ড, আইসিইউ এবং ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকার ডিএনসিসি হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জের আটটি ইউনিট এবং উত্তরাঞ্চলের কয়েকটি হাসপাতালে হামের রোগীদের চিকিৎসার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকটের কারণে কয়েকটি শিশুমৃত্যুর ঘটনার পর সরকার পাঁচটি নতুন ভেন্টিলেটর পেয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আজ আমরা পাঁচটি ভেন্টিলেটর সংগ্রহ করছি। আগামীকাল সকালে সচিব রাজশাহী যাবেন এবং তিনি চারটি ভেন্টিলেটর সঙ্গে নিয়ে গিয়ে সেখানে স্থাপন করবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো শিগগিরই আরও বারোটির বেশি ভেন্টিলেটর সরবরাহ করবে যা হামের সংক্রমণ মোকাবিলায় সরকারের চিকিৎসা সক্ষমতা বাড়াতে ব্যাপক সহায়ক হবে। হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিকা সংগ্রহ, চিকিৎসা অবকাঠামো প্রস্তুত এবং জরুরি স্বাস্থ্যসেবা জোরদার করার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language