ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ঢাকা, ২৮ মার্চ – ঢাকাসহ দেশের ১৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া ওই সতর্কবার্তায় বলা হয়েছে, শনিবার দুপুর ৩টা থেকে রাত ১টার মধ্যে দেশের ১৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের আশঙ্কায় থাকা জেলাগুলো হলো রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট।
উদ্ভূত আবহাওয়া পরিস্থিতির কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে কঠোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এ এম/ ২৮ মার্চ ২০২৬









