ডেপুটি স্পিকার কায়সার কামালের নামে ভুয়া ফেসবুক পেজ থেকে অপপ্রচার, সতর্কবার্তা জারি

ঢাকা, ২৮ মার্চ – জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। ব্যারিস্টার কায়সার কামাল ফ্যানস নামসহ একাধিক ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের মাধ্যমে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে শুক্রবার জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এসব ভুয়া পেজ বা গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি এসব কার্যক্রম সম্পর্কে মোটেও অবগত নন এবং এর কোনো দায়ভার তিনি বহন করবেন না। ডেপুটি স্পিকার কেবল তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজটিই ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য সব পেজ বা গ্রুপ সম্পূর্ণ প্রতারণামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
সাধারণ মানুষকে এসব ভুয়া পেজের পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি এসব গ্রুপে যুক্ত হওয়া বা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয় যে কেউ ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে যুক্ত থাকলে তাকেই এর দায় নিতে হবে। ইতোমধ্যে এসব প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









