উত্তর আমেরিকা

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে রসিকতা মার্কিন প্রেসিডেন্টের

তেহরান, ২৮ মার্চ – প্রায় চার সপ্তাহ ধরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই অচলাবস্থা দ্রুত নিরসনের কোনো লক্ষণ আপাতত দৃশ্যমান নয়। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পারস্য উপসাগরের জ্বালানি পণ্য পরিবহনের এই আন্তর্জাতিক বাণিজ্যপথকে তিনি ঠাট্টা করে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সৌদি আরব সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ইরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন আন্তর্জাতিক তেল পরিবহনের স্বার্থে হরমুজ প্রণালি খুলে দেওয়া উচিত।

এই কথা বলার সময়ই তিনি হরমুজ প্রণালির বদলে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ট্রাম্প প্রণালি শব্দটি ব্যবহার করেন। অবশ্য পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে তিনি বলেন এটি একটি বড় ভুল হয়ে গেছে। এই মন্তব্য নিয়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেও ট্রাম্প দাবি করেন তার ক্ষেত্রে এমন ভুল খুব একটা ঘটে না।

এস এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language