যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত তিন

ওয়াশিংটন, ২৮ মার্চ – যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের প্রাণহানি ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই আরোহী। দেশটির কোস্ট গার্ড জানিয়েছে বৃহস্পতিবার বিকেলে কালালাউ সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায় ওই হেলিকপ্টারে পাইলটসহ মোট পাঁচজন আরোহী ছিলেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও কাউয়াই ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেন। আহত দুজনকে দ্রুত উদ্ধার করে উইলকক্স মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কোস্ট গার্ডের দেওয়া তথ্যমতে বিকেল আনুমানিক চারটার দিকে কালালাউ সৈকত থেকে ১০০ গজ দূরে একটি বালুচরে হিউজেস ওএইচ সিক্স কায়ুজ মডেলের হেলিকপ্টারটি আছড়ে পড়ে।
আকাশযানটি এয়ারবোন এভিয়েশন নামক একটি পর্যটন সংস্থার অধীনে পরিচালিত হচ্ছিল। কোস্ট গার্ডের কর্মকর্তা অ্যান্ড্রিউ উইলিয়ামস এই ঘটনায় প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ইতোমধ্যে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ব্যাপক তদন্ত শুরু করেছে।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









