কিউএস বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগের স্থান

ঢাকা, ২৮ মার্চ – যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের বা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬ তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটিই সর্বোচ্চ অবস্থান।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৫ মার্চ কিউএস বিষয়ভিত্তিক এই র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ এই র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল।
প্রতি বছরের মার্চ মাসে তালিকাটি প্রকাশ করা হয়। এবারও র্যাঙ্কিংয়ে আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রথমটি প্রধান বিষয় বা ব্রড সাবজেক্ট এবং দ্বিতীয়টি নির্দিষ্ট বিষয় বা ন্যারো সাবজেক্ট। ব্রড সাবজেক্টের পাঁচটি ক্যাটাগরির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাটাগরি স্থান পেয়েছে এবং নির্দিষ্ট বিষয়ের ৫৫টি বিভাগের মধ্যে ঢাবির ১০টি বিভাগ স্থান পেয়েছে।
কিউএস প্রতিবেদন অনুযায়ী সোশ্যাল সায়েন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৭১তম যা বাংলাদেশে প্রথম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ বৈশ্বিকভাবে ৩০১ থেকে ৩৭৫তম, ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিকস বিভাগ ৩০১ থেকে ৩৫০তম এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে অবস্থান করছে।
ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে যেখানে তাদের অবস্থান ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে। এর অন্তর্ভুক্ত রসায়ন বিভাগ ৫৫১ থেকে ৬০০, পরিবেশ বিজ্ঞান ৪০১ থেকে ৪৫০ এবং পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে অবস্থান করছে। লাইফ সায়েন্স ও মেডিসিনের ব্রড সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান না হলেও এর অন্তর্ভুক্ত জীববিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠানটির অবস্থান ৬৫১ থেকে ৭০০ এর মধ্যে।
ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১ থেকে ৬০০, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৫০ এবং মেকানিক্যাল, অ্যারোনেটিক্যাল এবং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৭৫ এর মধ্যে অবস্থান করছে।
এনএন/ ২৮ মার্চ ২০২৬









