উত্তর আমেরিকা

১৬৫ বছরের প্রথা ভেঙে মার্কিন ডলারে বসছে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর

ওয়াশিংটন, ২৭ মার্চ – আমেরিকার ১৬৫ বছরের পুরোনো প্রথা ভেঙে প্রথমবারের মতো দেশটির কাগজের মুদ্রায় যুক্ত হতে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। নতুন নকশার এই মুদ্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী বা সেমিকুইনসেন্টেনিয়াল উদযাপন উপলক্ষে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে। এই পদক্ষেপের ফলে দীর্ঘ ১৬৫ বছর ধরে ব্যাংক নোটে মার্কিন ট্রেজারারের স্বাক্ষর থাকার যে ঐতিহ্য ছিল তার অবসান ঘটতে যাচ্ছে।

সাধারণত মার্কিন ডলারের নোটে ট্রেজারি সেক্রেটারির পাশাপাশি ইউএস ট্রেজারারের স্বাক্ষর থাকে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে আগামী জুন মাস থেকে নতুন নকশার ১০০ ডলারের নোট ছাপানোর কাজ শুরু হবে। এরপর পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই তা বাজারে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। ১৮৬১ সালে ফেডারেল কারেন্সি বা মার্কিন ডলার প্রবর্তনের পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যার স্বাক্ষর সরাসরি নোটের ওপর স্থান পাচ্ছে। মার্কিন অর্থ দপ্তরের এই সিদ্ধান্তের ফলে ডলারের নকশায় একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দেড় শতাব্দী ধরে ব্যাংকনোটে ট্রেজারের স্বাক্ষর থাকার অবিচ্ছিন্ন ধারাটি নতুন নকশায় সরিয়ে ফেলা হচ্ছে।

বর্তমান ট্রেজার ব্র্যান্ডন বিচ এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান এটি প্রেসিডেন্টের নেতৃত্ব এবং দেশের প্রতি তার নিবেদনের প্রতীক হিসেবে কাজ করবে। এর আগে সাবেক ট্রেজার লিন মালেরবা ছিলেন দীর্ঘ ধারার শেষ প্রতিনিধি। তবে বর্তমানে প্রচলিত সাবেক ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং লিন মালেরবার স্বাক্ষরযুক্ত নোটগুলোও বাজারে যথারীতি চালু থাকবে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি জানান দেশের ঐতিহাসিক অর্জন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবদানকে স্বীকৃতি দেওয়ার এর চেয়ে শক্তিশালী কোনো উপায় হতে পারে না।

তিনি আরও দাবি করেন ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ডলারের আধিপত্যের পথে রয়েছে। তাই এই বিশেষ সময়ে মুদ্রায় তার প্রতিফলন হওয়া অত্যন্ত প্রাসঙ্গিক। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে প্রেসিডেন্টের নাম এবং কৃতিত্বকে জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ এটি। এর আগে ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ফেডারেল আর্টস প্যানেল ট্রাম্পের ছবি সম্বলিত একটি স্মারক স্বর্ণমুদ্রার নকশাও অনুমোদন করেছে। বিদ্যমান মার্কিন আইন অনুযায়ী ট্রেজারি বিভাগ মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য বৃদ্ধির জন্য নকশা পরিবর্তনের ক্ষমতা রাখে।

তবে ইন গড উই ট্রাস্ট কথাটি এবং মৃত ব্যক্তিদের প্রতিকৃতি ব্যবহারের নিয়ম অপরিবর্তিত রাখতে হয়। ফলে নোটের মূল নকশা ও ছবিগুলো আগের মতোই থাকছে। শুধু ট্রেজারের স্বাক্ষরের জায়গায় ট্রাম্পের স্বাক্ষর প্রতিস্থাপিত হবে। জীবিত কোনো ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহার করা আইনত নিষিদ্ধ হওয়ায় ট্রাম্পের ছবিযুক্ত এক ডলারের সাধারণ কয়েন বাজারে আনার বিষয়টি আইনি বাধার মুখে পড়েছে। তবে কাগজের নোটে স্বাক্ষরের ক্ষেত্রে এমন কোনো আইনি বাধা নেই। আগামী গ্রীষ্মকাল থেকেই নতুন মুদ্রা দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language