বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করলেন আন্তোনিও গুতেরেস

ঢাকা, ২৭ মার্চ – বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে তিনি এই সমর্থনের কথা জানান। বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি তার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব এবং উদারতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
তাদের এই আলোচনায় সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম প্রভাবের কথা উল্লেখ করেন। এর ফলে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলো যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
মহাসচিব অত্যন্ত সাদরে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে এই বৈঠক সমাপ্ত হয়।
এনএন/ ২৭ মার্চ ২০২৬









