হরমুজ প্রণালিতে ইরানের ‘টোল বুথ’: ইউয়ানে লেনদেন, কড়া নজরদারি

তেহরান, ২৬ মার্চ – বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে চলাচলকারী তেলবাহী জাহাজগুলো বর্তমানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে একটি বিশেষ টোল বুথ ব্যবস্থার মাধ্যমে জাহাজগুলোর যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রখ্যাত শিপিং নিউজ পোর্টাল লয়েডস লিস্ট তাদের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে গত ১৩ মার্চ থেকে এই প্রণালি অতিক্রম করা অন্তত ২৬টি জাহাজকে আইআরজিসির প্রাক অনুমোদিত রুট এবং কঠোর যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।
লয়েডস লিস্ট উল্লেখ করেছে যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বর্তমানে একটি অলিখিত টোল বুথ শাসন ব্যবস্থা চালু রয়েছে। যদিও সব জাহাজকে সরাসরি অর্থ প্রদান করতে হচ্ছে না তবে অন্তত দুটি জাহাজের ক্ষেত্রে নির্দিষ্ট ফি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো এই লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন করা হয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য কমানোর একটি কৌশল হিসেবে বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে বিবেচনা করছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে ইরান ঘোষণা দেয় যে তাদের শত্রু রাষ্ট্রগুলো বাদে সবার জন্য হরমুজ প্রণালি উম্মুক্ত থাকবে। তবে বর্তমান এই টোল ব্যবস্থা এবং কঠোর নজরদারি মূলত এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তেহরানের একক নিয়ন্ত্রণকেই স্পষ্ট করছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে ইরানের এই কড়াকড়ি এবং ডলার বর্জন করে ইউয়ানে লেনদেনের বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
এস এম/ ২৬ মার্চ ২০২৬








