উত্তর আমেরিকা

চুক্তির জন্য মরিয়া ইরান, কিন্তু প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

ওয়াশিংটন, ২৬ মার্চ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান সংকট থেকে উত্তরণে একটি চুক্তিতে পৌঁছাতে ইরান চরমভাবে মরিয়া হয়ে আছে। তবে প্রাণনাশের ভয়ে তারা বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে পারছে না। বুধবার ওয়াশিংটনে হাউস রিপাবলিকান প্রচারণার এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের কঠোর অবস্থানের কারণেই তেহরান আলোচনার টেবিলে আসতে বাধ্য হচ্ছে।

ট্রাম্পের ভাষায়, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যা করছে তা নজিরবিহীন। তারা আলোচনার পথে হাঁটছে এবং চুক্তি করতে এতটাই আগ্রহী যা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু তারা সরাসরি বলতে ভয় পাচ্ছে এই ভেবে যে, নিজ দেশের জনগণ বা মার্কিন বাহিনীর হাতে তাদের মৃত্যু হতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউস জানায়, তেহরানের সঙ্গে আলোচনার পথ এখনও উন্মুক্ত রয়েছে। ইরান তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের ১৫ দফা পরিকল্পনা গ্রহণ না করলেও, অচলাবস্থা নিরসনে পাকিস্তানের মাটিতে বিশেষ বৈঠকের চেষ্টা চলছে।

অন্যদিকে মার্কিন চাপের মুখেও নিজেদের অবস্থানে অনড় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে বার্তা বিনিময়ের কথা স্বীকার করলেও একে প্রথাগত আলোচনা বলতে নারাজ। তিনি স্পষ্ট করেন, শুধুমাত্র বার্তা আদানপ্রদান মানেই আনুষ্ঠানিক সমঝোতা নয়। কূটনৈতিক এই উত্তেজনার মাঝে ওয়াশিংটন ও তেহরানের এমন পরোক্ষ যোগাযোগের চূড়ান্ত পরিণতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

এস এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language