স্বাধীনতার অনেক লক্ষ্য পূরণ না হওয়ায় নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়েছে: নাহিদ ইসলাম

ঢাকা, ২৬ মার্চ – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। আর সেই কারণেই নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই, সামনে যেন আর এমন পরিস্থিতি না আসে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনে আমরা স্বাধীনতার পক্ষে যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন এবং যারা বীরাঙ্গনা হয়েছেন, তাদের সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ১৯৭১ সালের যে আকাঙ্ক্ষা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের যে লক্ষ্য, সেই ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদার ওপর দাঁড়িয়ে আমরা এই বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই লক্ষ্য নিয়েই আমরা এখন কাজ করছি।
তিনি আবারও বলেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আর সে কারণেই নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই, ভবিষ্যতে যেন এমন কিছু আর না ঘটে।
এনএন/ ২৬ মার্চ ২০২৬









