জাতীয়

প্রশাসনে রদবদল: ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ

ঢাকা, ২৬ মার্চ – সরকারের ১২টি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং তিনজন সচিবের দপ্তর বদল করা হয়েছে। অন্যদিকে পাঁচজন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নয়জন সচিবের মধ্যে একজনকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই বিভাগের বর্তমান সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে এবং ওই বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. নেয়ামত উল্লাহ ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. রায়হান কাওছার পদোন্নতি পেয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হয়েছেন এবং ফারহিনা আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে এবং এই বিভাগের সচিব নাজমা মোবারেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হয়েছেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এই মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে তবে তার স্থলে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language