জাতীয়

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে বদ্ধপরিকর বর্তমান সরকার: চিফ হুইপ

ঢাকা, ২৫ মার্চ – বর্তমান সরকার সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে সম্পূর্ণ বদ্ধপরিকর বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় মূল্যায়ন মিশন কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম বা আইএফইএস প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ জানান, সংসদীয় মূল্যায়নের মাধ্যমে আইন প্রণয়ন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রস্তুত করা হবে। এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও উল্লেখ করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক নতুন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংসদের কার্যকারিতা আরও জোরদার করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বৈঠকে জাতীয় সংসদের বর্তমান অবস্থা, প্রাতিষ্ঠানিক শক্তি, কার্যকারিতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সামগ্রিক কর্মদক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আইএফইএস মিশনের মূল লক্ষ্য ছিল জাতীয় সংসদের কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করার জন্য উপযোগী সুপারিশ প্রণয়ন করা।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে সংসদীয় মূল্যায়ন মিশনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন গণতন্ত্র ও শাসনব্যবস্থা বিশেষজ্ঞ জন লি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক নিজাম আহমেদ, আইএফইএস বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন অর্চি এবং এশিয়া প্যাসিফিক আঞ্চলিক নির্বাচন কার্যক্রম উপদেষ্টা নিনাদ মেরিনকোভিচ।

এ এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language