দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

ঢাকা, ২৫ মার্চ – দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সদ্য পদত্যাগকারী অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন তিনি। আসাদুজ্জামান সম্প্রতি বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে বর্তমান মন্ত্রিসভায় তাকে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টের একজন পরিচিত ও জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দলের আইনি সহায়তা উপকমিটির টিম লিডার হিসেবেও তার বিশেষ ভূমিকা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী রুহুল কুদ্দুস কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। দীর্ঘ আইনি পেশায় তিনি উচ্চ আদালতে বহু রাজনৈতিক ও সাংবিধানিক তাৎপর্যপূর্ণ মামলা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন।
এনএন/ ২৫ মার্চ ২০২৬








