আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ঢাকা, ২৪ মার্চ – সাবেক সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতের এক অভিযানে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান যে তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে তবে এসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায় বারিধারা ডিওএইচএস এলাকার দুই নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। এক এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই কমিটির প্রধান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন। জরুরি অবস্থার সেই সময়ে পর্দার আড়াল থেকে যৌথবাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন জেনারেল মাসুদ এমনটাই ধারণা করা হয়। সেই সময় শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ এবং দুর্নীতির মামলা দেওয়া হয়েছিল।
২০০৬ সালের শেষ দিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ জরুরি অবস্থা জারি করেন। এরপর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যেখানে মাসুদ উদ্দিন চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মইন উ আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি প্রভাবশালী ওই কমিটি পরিচালনা করতেন। শেখ হাসিনা, খালেদা জিয়া ও তারেক রহমানসহ অনেক জ্যেষ্ঠ রাজনীতিককে সে সময় গ্রেপ্তার করা হয়েছিল।
রাজনৈতিক সংস্কারের নামে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টাও ওই সময়ে করা হয়। পরবর্তীতে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার করে পাঠানো হয় এবং ২০১১ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।
সেনাবাহিনী থেকে অবসরের পর ২০১৮ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং একাদশ সংসদ নির্বাচনে ফেনী তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এনএন/ ২৪ মার্চ ২০২৬









