উত্তর আমেরিকা

ট্রাম্পের পথে হেঁটে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের ইঙ্গিত ইসরায়েলের

ওয়াশিংটন, ২৩ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর ইসরায়েলও ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না চালানোর ইঙ্গিত দিয়েছে। সোমবার ইসরায়েল সরকারের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান যে যুক্তরাষ্ট্র আগামী পাঁচ দিন ইরানের জ্বালানি অবকাঠামোতে কোনো হামলা চালাবে না। তিনি উল্লেখ করেন যে গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরান মধ্যপ্রাচ্যে পারস্পরিক বৈরিতার সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছে। এই প্রেক্ষাপটে মার্কিন যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা সম্পর্কিত একটি সূত্র জানিয়েছে যে তারা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই আলোচনার বিষয়ে অবগত আছে। ইসরায়েলও সম্ভবত ওয়াশিংটনের পথ অনুসরণ করে ইরানের অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকবে। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তেহরানের কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগের তথ্য সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।

কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও এমন আলোচনা হয়নি বলে তারা দাবি করেছে। ট্রাম্পের ঘোষণার পরপরই সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে যে ইরানের কঠোর প্রতিক্রিয়ার আশঙ্কায় ট্রাম্প তার ৪৮ ঘণ্টার আলটিমেটাম থেকে পিছু হটেছেন। কাবুলে অবস্থিত ইরানের দূতাবাসও একই ধরনের বার্তা দিয়ে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র হামলা করলে তেহরান পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে তাদের জ্বালানি স্থাপনায় হামলার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। সেক্ষেত্রে তেহরান উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও খাবার পানি বিশুদ্ধকরণ স্থাপনাসহ পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় একযোগে হামলা চালাবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখযোগ্য যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার পারদ কমাতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

এ এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language