জাতীয়

হাদি হত্যার আসামিদের ফেরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি, ১৫ দিনের আল্টিমেটাম

ঢাকা, ২৩ মার্চ – ভারতে ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের বিচার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এই পরিস্থিতিতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের স্বাক্ষরিত এক বিবৃতিতে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হলে ঢাকাসহ সারাদেশে কঠোর কর্মসূচি পালন করা হবে।

পশ্চিমবঙ্গে আটক হওয়া হাদি হত্যাকাণ্ডের আসামিদের ১৪ দিনের রিমান্ড শেষে পুনরায় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আসামিরা ধরা পড়ার পর সরকারের কিছু সাফল্য দেখা গেলেও বর্তমান পরিস্থিতিতে সরকারের চরম ব্যর্থতা ফুটে উঠেছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। তাদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ নিতে হবে।

হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শনাক্ত করতে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। আসামিদের সীমান্ত পার হতে সহায়তাকারীদের নাম প্রকাশ ও গ্রেপ্তার করতে হবে।

ভারতের আইনি জটিলতা মোকাবিলায় বিশেষ আইনি সেল গঠন করতে হবে। বিচার প্রক্রিয়া জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে হবে। এছাড়া ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার রোডম্যাপ ঘোষণা না হলে রাজপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংগঠনটির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সরকারের নীরবতা সাধারণ মানুষের মনে প্রকৃত দোষীদের আড়াল করার সন্দেহ তৈরি করেছে। তাই স্বচ্ছ বিচার নিশ্চিত করতে প্রয়োজনে তারা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language