মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ৯২ শতাংশ ধ্বংসের দাবি

তেল আবিব, ২৩ মার্চ – যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চার শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। তবে ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এর প্রায় ৯২ শতাংশ আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করা সম্ভব হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি জানান, ইরানের ছোড়া ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে তারা বড় ধরনের সাফল্য অর্জন করেছেন। এই সফলতার হার প্রায় ৯২ শতাংশ বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, শনিবার দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যমতে, এতে প্রায় ১৮০ জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন ও সরাসরি যোগদানের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইরান শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং সমগ্র ইউরোপসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ ইসরায়েলের একটি এলাকা পরিদর্শনের সময় নেতানিয়াহু এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং মধ্যপ্রাচ্যের বাইরের বেসামরিক নাগরিকদেরও বিপদে ফেলছে। ইরান পুরো বিশ্বকে বিপন্ন করে তুলছে বলেও তিনি মন্তব্য করেন।

এই ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, বিশ্বের অন্যান্য দেশের নেতাদের এই অভিযানে যুক্ত হওয়ার এখনই সঠিক সময়।

ইতিমধ্যে অনেকেই সেই পথে এগোচ্ছেন বলে তিনি সন্তোষ প্রকাশ করেন, তবে আরও জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মনে করেন।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language