মধ্যপ্রাচ্য

ইসরায়েলের ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক আহত

তেহরান, ২২ মার্চ – ইরানের ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ওই এলাকায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই হামলার বিস্তারিত তথ্য জানানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ভয়াবহ দৃশ্য দেখা যায়। আকাশ থেকে একটি বিশাল আকারের গোলা প্রচণ্ড গতিতে নিচে নেমে আসতে দেখা যায় এবং এরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম কান দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় আহত শতাধিক মানুষের মধ্যে ১০ বছর বয়সী এক শিশুও রয়েছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের মালত তারশিহা অঞ্চলেও রকেট হামলা চালানো হয়েছে। এই হামলায় কমপক্ষে আটজন আহত হয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকা নিশ্চিত করেছে যে, হিজবুল্লাহর পক্ষ থেকে উত্তর ইসরায়েলের ওই এলাকা লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই পরিস্থিতির সার্বিক খবর প্রকাশ করেছে।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language