জাতীয়

তারেক রহমান ও শেহবাজ শরীফের ফোনালাপ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ঢাকা, ২১ মার্চ – বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। ফোনালাপে তারা একে অপরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার ২০ মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।

কার্যালয়টি জানায় দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করেছেন উভয় নেতা। এ সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় অবস্থানের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেন।

উভয় দেশের সরকারপ্রধান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। যেকোনো ধরনের মতপার্থক্য ও বিরোধ নিরসনে তারা সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার অভিন্ন উদ্দেশ্য পূরণে আগামী দিনগুলোতে দুই দেশ একযোগে কাজ করবে বলে উভয় নেতা দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন।

এনএন/ ২১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language