জাতীয়

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৯ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পরিবর্তে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজের বাসভবনে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরে তিনি সপরিবারে গুলশানের ওই বাড়িতে ওঠেন। তখন থেকেই তিনি সেখানে বসবাস করছেন।

উল্লেখ্য, এই বাড়ির পাশেই ফিরোজা নামের বাসভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বসবাস করতেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা খালেদা জিয়াকে ১৯৬ নম্বর বাড়িটি বরাদ্দ দিয়েছিল।

গত বছর গণপূর্ত উপদেষ্টা ও রাজউক চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে বাড়িটির দলিল হস্তান্তর করেন। এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, সংস্কার কাজ শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন। সেই অনুযায়ী ভবনটি প্রস্তুতও করা হয়েছিল।

৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যমুনাকে সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করেছিলেন এবং গত ১৮ ফেব্রুয়ারি তিনি সেটি ছেড়ে দেন। তবে প্রধানমন্ত্রী যমুনায় না উঠলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো সেখানেই আয়োজিত হবে। ঈদের দিন সকাল ১০টায় যমুনা থেকেই তিনি কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ইতোমধ্যেই সেখানে কূটনীতিক ও আলেমদের সম্মানে দুটি ইফতার অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ১৯৯৬, ২০০১ এবং ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারাও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসবাস করেছেন।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language