রাজশাহী

প্রিয় শহর রাজশাহীতে চিরনিন্দ্রায় শায়িত হচ্ছেন অভিনেতা শামস সুমন

রাজশাহী, ১৯ মার্চ – জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা শামস সুমনকে তার জন্মস্থান রাজশাহীতে চিরনিন্দ্রায় শায়িত করা হচ্ছে। বৃহস্পতিবার ১৯ মার্চ বাদ এশা রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর হেতেম খাঁ গোরস্তানে তাকে দাফন করার কথা রয়েছে। এর আগে রাজশাহীর ঝাউতলা মসজিদে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। বুধবার ১৮ মার্চ সকালে ঢাকার চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে এই অভিনেতার মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা বিদেশ থেকে দেশে ফেরার পর দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

গত মঙ্গলবার ১৭ মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। শামস সুমন দীর্ঘ সময় ধরে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

আরও পড়ুন ::

তিনি ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ এবং ‘হ্যালো অমিত’। তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language