মধ্যপ্রাচ্য

লারিজানি ও সোলেমানির দাফন বুধবার, ইসরায়েলে ইরানের পাল্টা হামলা জোরদার

তেহরান, ১৮ মার্চ – ইরানের প্রয়াত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেমানির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেছে তেহরান। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ১৮ মার্চ এই দুই শীর্ষ নেতার শেষ বিদায়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। গত সোমবার ১৬ মার্চ রাতে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ বিমান হামলায় তারা নিহত হন। মঙ্গলবার ১৭ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে লারিজানি ও সোলেমানিকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান তাদের দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করে।

এই হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে। ইরানের সেনাপ্রধান আমির হাতামি এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি লারিজানি হত্যার নির্ণায়ক ও অনুশোচনামূলক প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। এই ঘোষণার পরপরই ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা আইআরজিসি ইসরায়েলে তাদের ক্ষেপণাস্ত্র হামলা কয়েক গুণ জোরালো করেছে। তেহরানের দাবি, তারা খোররামশাহর ৪ এবং খায়বার শেকানের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানছে।

হামলায় ইসরায়েলের তেল আবিব জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুই জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯২ জন ইসরায়েলি নাগরিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট তিন হাজার সাতশো সাতাশ জন ইসরায়েলি আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তেহরান তাদের সামরিক অভিযান আরও বিস্তৃত করবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ বিরাজ করছে।

এস এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language