ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের তেলআবিবে দুইজনের প্রাণহানি

তেলআবিব, ১৮ মার্চ – ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের রামাত গানে ইরানের মিসাইল হামলায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে।
মিসাইল হামলার সাইরেন বাজার পর তারা নিজেদের বাড়ির বোমা শেল্টারে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তেই মিসাইল এসে আঘাত হানে এবং ওই দুই ব্যক্তি প্রাণ হারান।
হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত দুজনের বয়স সত্তর বছরের কাছাকাছি। তাদের অ্যাপার্টমেন্টের সিঁড়ির কাছ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হামলার সময় তারা ভবনটির বোমা শেল্টারের দিকে যাচ্ছিলেন।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান এই হামলায় নতুন ধরনের ক্লাস্টার মিসাইল বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে।
এসব মিসাইলের প্রত্যেকটিতে অন্তত বিশটি ছোট বোমা যুক্ত থাকে। যখন মূল মিসাইলগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি নেমে আসে, তখন এই ছোট বোমাগুলো স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে। এগুলোর প্রতিটির ওজন প্রায় আড়াই কেজি। ফলস্বরূপ এই বোমাগুলো যেখানে আঘাত হানে, সেখানে ব্যাপক মাত্রায় ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
এনএন/ ১৮ মার্চ ২০২৬









