ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানির মৃত্যু নিশ্চিত করল তেহরান

তেহরান, ১৮ মার্চ – দখলদার ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান।
মঙ্গলবার রাতে তার ওপর ইসরায়েলি বাহিনী এই হামলা চালায় এবং প্রাথমিকভাবে তারাই এই মৃত্যুর খবর প্রকাশ করে। এর প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ৩টার দিকে ইরান আনুষ্ঠানিকভাবে লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
তার মৃত্যুর বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল একটি বিবৃতি প্রদান করেছে যা স্থানীয় বার্তাসংস্থা মেহের নিউজ প্রকাশ করে।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে ইরান এবং ইসলামি বিপ্লবের আদর্শ সমুন্নত রাখার সংগ্রামে লারিজানি আমৃত্যু নিয়োজিত ছিলেন এবং দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি শাহাদাতের গৌরব অর্জন করেছেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। খামেনির মৃত্যুর পর আলি লারিজানি কার্যত ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন এবং তার নেতৃত্বেই দেশটি যুদ্ধ পরিচালনা করছিল।
জানা যায় খামেনি তার মৃত্যুর আগেই লারিজানিকে পরবর্তী দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে গিয়েছিলেন।
এনএন/ ১৮ মার্চ ২০২৬









