চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমবে: জামায়াত নেতা ড. হেলাল

ঢাকা, ১৫ মার্চ – বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অর্ধেক কমে আসবে।
তিনি অভিযোগ করেন, বাজারে দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির পেছনে সরকার দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি সরাসরি দায়ী। রবিবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ড. হেলাল উদ্দিন আরও বলেন, জুলাই সনদ হলো শোষণের হাত থেকে সাধারণ মানুষের মুক্তির একটি চূড়ান্ত সনদ। ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে এই জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
তিনি মন্তব্য করেন, যারা এই সনদটি বাস্তবায়ন করতে চায় না, তারা মূলত এদেশে আবারও একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব, পল্টন থানার সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান শাহীন ও এনামুল হক, থানা কর্মপরিষদ সদস্য আ ফ ম ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার, শামীম হাসনাইন এবং নুরুল আবসার প্রমুখ।
এ এম/ ১৫ মার্চ ২০২৬









