জাতীয়

ঈদের ফিরতি যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে, আজ মিলছে ২৫ মার্চের আসন

ঢাকা, ১৫ মার্চ – পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন চলছে আজ। আজ যাত্রীরা অনলাইনে আগামী ২৫ মার্চের ট্রেনের আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

এই সময়ে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ ও ১৪ মার্চ যথাক্রমে ২৩ ও ২৪ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত যথাক্রমে ২৬, ২৭, ২৮ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ এবং ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সরাসরি সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে। ঈদযাত্রায় একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কেনার সুযোগ পাবেন এবং একসঙ্গে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। এছাড়া বিক্রিত অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ডযোগ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language