হাদি হত্যার আসামিদের পালাতে সহায়তাকারী ফিলিপ ভারতে গ্রেপ্তার

ঢাকা, ১৪ মার্চ – ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে দেশত্যাগে সহায়তাকারী ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার হয়েছেন।
শনিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর এলাকা থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স তাকে গ্রেপ্তার করে।
কূটনৈতিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং কলকাতা থেকে বাংলাদেশ উপহাইকমিশনকেও আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে গোপন তথ্যের ভিত্তিতে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে ফয়সাল করিম এবং আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে তিনি সহায়তা করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে তিনি নিজেও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অবস্থান নেন। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত শনিবার দিবাগত রাতে ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলির শিকার হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশের তথ্যমতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় এবং ঘটনার দিনই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। তাদের সীমান্ত পারাপারের মূল পরিকল্পনাকারী ছিলেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী। টাকার বিনিময়ে সীমান্ত পারাপারে সহায়তাকারী স্থানীয় দালালদের অন্যতম এই ফিলিপ সাংমার বাড়ি হালুয়াঘাট সীমান্তসংলগ্ন ভুটিয়াপাড়া গ্রামে।
ইতিমধ্যে ওসমান হাদি হত্যা মামলায় দেশে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৭ জানুয়ারি গোয়েন্দা পুলিশ ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করলেও মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের আপত্তির পরিপ্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। বর্তমানে সিআইডি মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
অন্যদিকে ভারতে গ্রেপ্তার হওয়া ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এনএন/ ১৪ মার্চ ২০২৬









