জাতীয়

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ময়মনসিংহ, ১৪ মার্চ – দেশের ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় সংস্থাটি এই তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস জানায়, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই ঝোড়ো হাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রার পারদ বেশ ঊর্ধ্বমুখী রয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল ওই দিনের দেশের সর্বোচ্চ তাপমাত্রা। একই সময়ে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এস এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language