বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার সুযোগ দেবে ইরান

ঢাকা, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের জন্য জ্বালানিবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি নিরাপদে পার হওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী। শুক্রবার ঢাকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বা বিএমএ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আল-কুদস কমিটি বাংলাদেশ ওই আলোচনা সভার আয়োজন করে। ইরানের রাষ্ট্রদূত জানান, তিনি বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকটের বিষয়টি লক্ষ্য করেছেন।
বাংলাদেশের জ্বালানিমন্ত্রী এবং তারেক রহমানের পক্ষ থেকে দেশের তেল ট্যাঙ্কারগুলোকে চলাচলের অনুমতি দেওয়ার জন্য ইরান সরকারকে অনুরোধ করার কথা জানানো হয়েছিল। এই প্রেক্ষাপটে তিনি নিজে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন। তিনি নিশ্চিত করেন, হরমুজ প্রণালিতে বাংলাদেশের জন্য জ্বালানি পরিবহন করতে ইচ্ছুক এমন কোনো জাহাজ থাকলে তাদের নিরাপদে যেতে দেওয়া হবে। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ মানুষকে যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের ওপর কড়াকড়ি আরোপ করেছে ইরান। দেশটির অনুমতি ছাড়া এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের সুযোগ না থাকায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরীয় এই দেশটি অন্তত ১৬টি জাহাজে হামলা চালিয়েছে বলে জানা যায়। বিশ্ববাজারের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়ে থাকে এবং ইরান ইতোমধ্যেই এই পথ দিয়ে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে।
এস এম/ ১৪ মার্চ ২০২৬









