জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি

ঢাকা, ১৩ মার্চ – আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া ১৬ মার্চ থেকে ঈদযাত্রা সুগম করতে জরুরি প্রয়োজন ছাড়া নগরবাসীকে বেশ কয়েকটি সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

সড়কগুলোর মধ্যে রয়েছে ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়কের কুড়িল থেকে আব্দুল্লাহপুর অংশ, ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কের গুলিস্তান থেকে সাইনবোর্ড অংশ, ঢাকা থেকে আরিচা মহাসড়ক বা মিরপুর রোডের আড়ং ক্রসিং থেকে আমিনবাজার এবং ঢাকা থেকে কেরানীগঞ্জ সড়কের ফুলবাড়িয়া, তাঁতীবাজার হয়ে বাবুবাজার ব্রিজ পর্যন্ত। পাশাপাশি গুলিস্তান থেকে বুড়িগঙ্গা ব্রিজ, মোহাম্মদপুর বসিলা ক্রসিং থেকে বসিলা ব্রিজ, আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ এবং ফুলবাড়িয়া থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল সড়কও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

গণপরিবহন মালিক ও শ্রমিকদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, আন্তজেলা বাসগুলোকে টার্মিনালের ভেতর থেকে যাত্রী তুলে সরাসরি গন্তব্যে যেতে হবে। রাস্তার ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো বা নামানো যাবে না। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং ছাদে যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। চালকদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, বৈধ লাইসেন্স ছাড়া এবং নেশাগ্রস্ত অবস্থায় বা অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না।

ফিটনেসবিহীন গাড়ি কোনোভাবেই রাস্তায় নামানো যাবে না এবং একজন চালককে একটানা পাঁচ ঘণ্টা বা দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না। অন্যদিকে যাত্রীদের সচেতন করতে বলা হয়েছে, তারা যেন নির্দিষ্ট কাউন্টার ছাড়া যত্রতত্র বাসে না ওঠেন। যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া খাবার গ্রহণ থেকে বিরত থাকতে এবং নিজেদের মালামাল সাবধানে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা পারাপারে অবশ্যই ফুট ওভারব্রিজ, আন্ডারপাস বা জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে এবং চলন্ত গাড়িতে ওঠানামা করা যাবে না।

এস এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language