মধ্যপ্রাচ্য

ইরানে সরকার পতনের পরিবেশ তৈরিতে কাজ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: নেতানিয়াহু

তেল আবিব, ১৩ মার্চ – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের জনগণ তাদের বর্তমান সরকারকে উৎখাত করবে কি না, সে বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন। তবে এমন একটি পরিস্থিতি তৈরি করতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি একটি প্রবাদের উল্লেখ করে বলেন, কাউকে পানির কাছে নেওয়া যায়, কিন্তু জোর করে পানি পান করানো সম্ভব নয়। ইসরায়েল ইরানের জনগণকে রাস্তায় নামার সুযোগ করে দিতে বিমান হামলাসহ বিভিন্ন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে।

নেতানিয়াহু আরও জানান, ইসরায়েল বর্তমানে ইরানের শক্তিশালী সামরিক সংগঠন আইআরজিসি এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ওপর বড় ধরনের আঘাত হানছে। তাদের চেকপোস্ট, সামরিক বাহিনী এবং অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে এবং ভবিষ্যতে আরও বড় সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তিনি এ কথাও স্বীকার করেন যে, কোনো দেশের সরকারের চূড়ান্ত পতন সাধারণত দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ বা আন্দোলনের মাধ্যমেই ঘটে থাকে।

একই সংবাদ সম্মেলনে তিনি লেবানন সরকারকে সতর্ক করে বলেন, তাদের উচিত অবিলম্বে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করা। লেবানন সরকার এই কাজে ব্যর্থ হলে ইসরায়েল নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নেতানিয়াহু দাবি করেন যে, চলমান সামরিক সংঘাতের কারণে ইরান আগের মতো আর শক্তিশালী অবস্থানে নেই। তার মতে, বর্তমান ইরান আর সেই দাপুটে রাষ্ট্র নয় যার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language