সিলেট

সিলেটের গোয়াইনঘাটে পোলট্রি খামার থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেট, ১৩ মার্চ – সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেপুর ৩য় খণ্ড গ্রামে একটি পোলট্রি খামার থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম সুমন মিয়া। ১৭ বছর বয়সী সুমন ওই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে পোলট্রি খামারের ভেতরে মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান পোলট্রি খামারটির মালিক মাওলানা আব্দুল করিম। তার ছেলে মোস্তাক আহমদ রাত দশটার দিকে মোবাইল ফোনে চেয়ারম্যানকে জানান যে তাদের খামারে একজনের গলাকাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় উৎসুক জনতা নিহতের মুখের বাঁধন খুলে তার পরিচয় শনাক্ত করেন।

চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান নিহত সুমন অত্যন্ত সহজ সরল স্বভাবের ছিলেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language