জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের শোকপ্রস্তাবে দণ্ডিত সাত যুদ্ধাপরাধীর নাম অন্তর্ভুক্ত

ঢাকা, ১২ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাতজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ছয়জন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এবং একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর একটি সংক্ষিপ্ত বিরতি শেষে রেওয়াজ অনুযায়ী এই শোকপ্রস্তাব উত্থাপন করা হয়।

প্রস্তাবে জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, সাবেক শুরা সদস্য মীর কাসেম আলী এবং সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম অন্তর্ভুক্ত করার দাবি ওঠে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই নামগুলো যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নামও শোকপ্রস্তাবে যুক্ত করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে এই সাতজন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এদের মধ্যে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং বাকি ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়।

শোকপ্রস্তাব উত্থাপনের পর চিফ হুইপ নূরুল ইসলাম আরও কিছু নাম যুক্ত করার প্রস্তাব দেন। এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শোকপ্রস্তাবে কিছু নাম বাদ পড়ার বিষয়টি উল্লেখ করে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কথা বলার সুযোগ দিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান।

সৈয়দ তাহের অভিযোগ করেন যে প্রস্তাবটি একপেশেভাবে তৈরি করা হয়েছে। তিনি আবদুস সোবহান, এ কে এম ইউসুফসহ আরও বেশ কয়েকজন নেতার নাম যুক্ত করার দাবি জানান। পাশাপাশি তিনি শাপলা চত্বরের ঘটনায় জামায়াতে ইসলামীর পরিবর্তে হেফাজতে ইসলামী উল্লেখ করার পরামর্শ দেন এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন।

পরবর্তীতে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ এবং ফেলানী খাতুনের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলে স্পিকার তাতেও সম্মতি জ্ঞাপন করেন।

শোকপ্রস্তাবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম স্মরণ করা হয়।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শাহারিয়ার খান আনাস, মেহেদি হাসান জুয়েল ও ফারহান ফাইয়াজসহ অন্যান্য শহীদদের নামও শোকপ্রস্তাবে স্থান পায়।

সবশেষে এক মিনিট নীরবতা পালন এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের মোনাজাতের মধ্য দিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এনএন/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language