তিনটি কারণে রাষ্ট্রপতি অপরাধী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির

ঢাকা, ১২ মার্চ – জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে ওয়াকআউট করেছে বিরোধী দল। এরপর সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, রাষ্ট্রপতি তিনটি কারণে অপরাধী, তাই এই মহান সংসদে তার বক্তব্য শোনা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, বর্তমান সংসদ জুলাইয়ের শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর যেন সংসদে বক্তব্য রাখতে না পারে, সে বিষয়ে আগেই অনুরোধ করা হয়েছিল।
এ সময় রাষ্ট্রপতির বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন জামায়াত আমির। প্রথমত, রাষ্ট্রের অভিভাবক হিসেবে অতীতে সংঘটিত কোনো হত্যাকাণ্ডের প্রতিবাদ বা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তিনি। দ্বিতীয়ত, গত ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণের কথা বললেও পরে গণমাধ্যমে তা অস্বীকার করে তিনি জাতির সামনে নিজেকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করেছেন। তৃতীয় অভিযোগ হিসেবে তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পর একটি অধ্যাদেশে নির্বাচিত প্রতিনিধিদের সংস্কার পরিষদের সদস্য ও সংসদ সদস্য হিসেবে দ্বৈত দায়িত্ব পালনের কথা বলা হয়েছিল।
কিন্তু গেজেট প্রকাশের ত্রিশ দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকার নিয়ম থাকলেও রাষ্ট্রপতি তা করেননি। এছাড়া গণভোটে বিপুলসংখ্যক মানুষ হ্যাঁ ভোট দিলেও সেই অনুযায়ী উদ্যোগ না নিয়ে রাষ্ট্রপতি জনগণকে অসম্মান করেছেন বলে দাবি করেন তিনি। এসব কারণেই বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ শুনতে অস্বীকৃতি জানিয়েছে। ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, সরকারি দলকে রাষ্ট্রপতির ভাষণ বন্ধ করার আহ্বান জানানো হলেও তারা তা শোনেনি। তাই সংক্ষুব্ধ হয়ে তারা সংসদ থেকে বেরিয়ে এসেছেন। ভবিষ্যতেও সংসদে কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার এবং জনগণের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এস এম/ ১২ মার্চ ২০২৬









