ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু, গ্যালারিতে ড. ইউনূস ও জুবাইদা রহমান

সংসদ ভবন, ১২ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শক সারিতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের এই নতুন অধিবেশন শুরু হয়। অধিবেশন চলাকালে দর্শক গ্যালারিতে দেশের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
গ্যালারিতে ড. ইউনূস এবং সেনাপ্রধান ছাড়াও নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। অধিবেশন শুরু হওয়ার পর ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এই অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এ সময় সরকারদলীয় এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন। প্রথম এই অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও দেশের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সকাল থেকেই তাদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট তীব্র গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি রাতে এই নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
দেশের সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করার নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই ফলাফল ঘোষণার এক মাসের মাথায় নতুন সংসদের এই প্রথম অধিবেশন বসল।
এ এম/ ১২ মার্চ ২০২৬









