ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার হুমকি দিল ইরান

তেহরান, ১১ মার্চ – একটি ইরানি ব্যাংকে হামলার জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর ওপর পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।
বুধবার ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হুমকি দেওয়া হয়। ইরানের খাতাম আল আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি জানিয়েছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান।
তিনি অভিযোগ করেন, একটি ব্যর্থ অভিযানের পর মার্কিন সেনাবাহিনী ও ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইব্রাহিম জুলফিকারি আরও বলেন, শত্রুদের এমন অবৈধ এবং নজিরবিহীন কর্মকাণ্ডের কারণে ইরান এই অঞ্চলে তাদের সঙ্গে যুক্ত অর্থনৈতিক কেন্দ্রগুলোতে আঘাত হানতে বাধ্য হচ্ছে।
একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।
এনএন/ ১১ মার্চ ২০২৬









