মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা, নাবিকরা নিরাপদে

তেহরান, ১১ মার্চ – পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে পরপর তিনটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটলে বেশিরভাগ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। যুক্তরাজ্যের ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা ইউকেএমটিও বুধবার এই হামলার তথ্য নিশ্চিত করেছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারি ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে প্রথম হামলার শিকার হয়। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এতে পরিবেশগত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক জাহাজটিতে অবস্থান করছেন। অন্যদিকে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আঘাতপ্রাপ্ত হয়। এই জাহাজটির নাবিকরাও নিরাপদে রয়েছেন এবং এটি নিরাপদ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার স্টার গুইনেথে।

দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর পশ্চিমে এটি আঘাতের মুখে পড়ে। এই জাহাজের নাবিকরাও অক্ষত আছেন বলে জানা গেছে। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। এখন পর্যন্ত অন্তত ১৪টি জাহাজ এই অঞ্চলে হামলার শিকার হয়েছে।

এস এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language