মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজার মার্কিন নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

তেহরান, ১১ মার্চ – ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং বিভিন্ন আরব দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি আক্রমণের ফলে সংঘাতটি এখন ওই অঞ্চলের ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে। চলমান এই সংঘাতের জেরে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের মাধ্যমে ইতিমধ্যেই ৩০ হাজার নাগরিককে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, আমেরিকানদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র দুই ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। তবে দেখা গেছে, এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশেরও কম যাত্রী ছিলেন
এর কারণ হিসেবে জানা যায়, অনেক মার্কিন নাগরিকই চার্টার্ড ফ্লাইটের বদলে সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরা বেশি পছন্দ করেছেন। মধ্যপ্রাচ্য থেকে চার্টার্ড ফ্লাইট এবং স্থলপথে নাগরিকদের সরিয়ে নেওয়ার এই কার্যক্রম এখনো চলছে। যেকোনো মার্কিন নাগরিক চাইলে দেশে ফেরার জন্য এই সরকারি সহায়তার আবেদন করতে পারবেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
এস এম/ ১১ মার্চ ২০২৬









