সিলেট মহানগর পুলিশের তিন দফা নতুন নির্দেশনা জারি

সিলেট, ১১ মার্চ – সিলেট নগরবাসীর জন্য তিন দফা নতুন নির্দেশনা সম্বলিত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ। মঙ্গলবার রাতে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাসমূহ প্রদান করা হয়। বিজ্ঞপ্তির প্রথম নির্দেশনায় নগরীতে ট্রাক চলাচলের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার রাত দশটা থেকে রাত একটা পর্যন্ত নাইওরপুল পয়েন্ট থেকে নয়াসড়ক হয়ে শাহী ঈদগাহ রুটে কোনো ট্রাক চলাচল করতে পারবে না।
বিকল্প পথ হিসেবে ট্রাক চালকদের নাইওরপুল থেকে মিরাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, বালুচর, শাহী ঈদগাহ হয়ে আম্বরখানা রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করতে মোটরসাইকেল চালানোর সময় টিনটেড ভাইসর হেলমেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আগামী তিন দিন পর থেকে কেউ এই ধরনের হেলমেট ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাই চালক ও আরোহীদের স্বচ্ছ ভাইসর যুক্ত বিকল্প হেলমেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় ও শেষ নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই পেট্রল পাম্পে ছুরি বা ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না এবং সেখানে কাউকে ভয়ভীতি দেখানো যাবে না। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন।
এস এম/ ১১ মার্চ ২০২৬









