রাজধানীতে আজ বুধবারের উল্লেখযোগ্য রাজনৈতিক ও দাপ্তরিক কর্মসূচি

ঢাকা, ১১ মার্চ – রাজধানী ঢাকায় প্রতিদিনের মতোই আজ বুধবার বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নানা কর্মসূচি নির্ধারিত রয়েছে। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির তালিকা নিচে তুলে ধরা হলো। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ দুপুরে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় পরিদর্শন করবেন। এরপর তিনি বিকাল ৪টায় কাকরাইলের হোটেল রাজমনি ঈশা খাঁয় বাংলাদেশ জনঅধিকার পার্টির ইফতার মাহফিলে যোগ দেবেন।
পরে পুরান ঢাকার বকশিবাজারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতার মাহফিলেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে দুপুর আড়াইটার দিকে ঢাকা চৌদ্দ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান গাবতলী বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনে যাবেন। সেখানে তিনি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। এছাড়া বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে শহীদ দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন। সেমিনারের বিষয়বস্তু হলো পেশিশক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের প্রবণতা এবং ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়।
অন্যদিকে একই সময়ে অর্থাৎ বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গণভোটের রায় বাস্তবায়নে অনীহা এবং উদ্বিগ্ন নাগরিক সমাজ শীর্ষক এই বৈঠকে দেশের বিশিষ্ট আলেম উলামা, বুদ্ধিজীবী, রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
এস এম/ ১১ মার্চ ২০২৬









