ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

তেহরান, ১০ মার্চ – সর্বশেষ দফার হামলায় হাইপারসনিকসহ তিন ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। ৩৪তম দফার এই হামলায় তেহরানের মূল লক্ষ্য ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতির বরাতে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট এই হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের নিশানা করে নিক্ষেপ করা হয়। এছাড়া ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও হাইফার একটি বেসামরিক বিমানবন্দরেও প্রবল হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
আইআরজিসির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতেও সফলভাবে আঘাত হেনেছে।
সামরিক এই অভিযানের ফলে পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে।
এনএন/ ১০ মার্চ ২০২৬









