নারী লাঞ্ছনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা, ১০ মার্চ – ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুজন নারী ও দুজন ব্যক্তিকে লাঞ্ছিত করার দায়ে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই লাঞ্ছনার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের সুপারিশের ভিত্তিতে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এই বহিষ্কারাদেশ দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে নারীসহ সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে অভিযুক্ত তিন শিক্ষার্থীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই এই বহিষ্কারাদেশ কার্যকর বলে গণ্য হবে।
এনএন/ ১০ মার্চ ২০২৬









