বিগত অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১০ মার্চ – বিগত অন্তর্বর্তী সরকারকে কেবল অধ্যাদেশ জারির সরকার বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেন, বিদায়বেলায়ও ওই সরকার একটি নতুন অধ্যাদেশ জারি করার চেষ্টা করেছিল।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই জাতীয় সনদের প্রতি বিএনপি শতভাগ অঙ্গীকারবদ্ধ এবং তারা এতে স্বাক্ষর করেছে। তিনি বলেন, দলের নিজস্ব ইশতেহারের পাশাপাশি সনদের প্রতিশ্রুত বিষয়গুলো বাস্তবায়নে তারা কাজ করবেন।
সংবিধান সংস্কার ও গণভোটের রায় প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সংসদে যাওয়ার পর আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যারা ষড়যন্ত্রের অভিযোগ তুলে পুনরায় সরকার গঠনের স্বপ্ন দেখছেন, তাদের সে স্বপ্ন অবাস্তব ও অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ৫৫৯ দিনের দায়িত্ব পালনকালে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। সংবিধান অনুযায়ী, সংসদ অধিবেশন শুরুর এক মাসের মধ্যে এগুলো আইনে পরিণত করতে হলে বর্তমান সরকারকে প্রতিদিন গড়ে সাড়ে চারটি করে অধ্যাদেশ পাস করতে হবে।
এনএন/ ১০ মার্চ ২০২৬









