অনুমতি ছাড়া চিঠি দেওয়ায় বিরোধীদলীয় নেতার উপদেষ্টা বরখাস্ত, নতুন নিয়োগ

ঢাকা, ১০ মার্চ – জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্মতি ছাড়াই পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর জেরে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন উপদেষ্টা হিসেবে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর বিভ্রান্তি এড়াতে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয় ঘটনাটি মূলত প্রায় দুই সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের পররাষ্ট্র বিষয়ে জামায়াতে ইসলামীর কিছু অবস্থান স্পষ্ট করার স্বার্থে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্দেশিত বিষয়ের বাইরে কিছু বিষয় যুক্ত করে চিঠিটি মন্ত্রণালয়ে পাঠান।
বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদা সংক্রান্ত অংশটি আমিরে জামায়াতের নির্দেশনায় ছিল না। বিবৃতিতে আরও বলা হয় বিষয়টি দলের নজরে আসার সঙ্গে সঙ্গেই ডা. শফিকুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। গত ২ মার্চ অধ্যাপক মাহমুদুল হাসানকে আনুষ্ঠানিকভাবে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জামায়াতে ইসলামী দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। কোনো বিষয়ে বিভ্রান্তি তৈরি হলে তা দ্রুত সংশোধনের নীতিতে তারা বিশ্বাস করে।
আলোচ্য ঘটনার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বিধায় এ নিয়ে আর ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই বলে জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য যথাযথভাবে উপস্থাপনের জন্য অনুরোধ জানানো হয়।
এনএন/ ১০ মার্চ ২০২৬









