সিলেটে পেট্রোল পাম্প কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট

সিলেট, ১০ মার্চ – সিলেট বিভাগে একের পর এক পেট্রোল পাম্পে হামলা, কর্মী হেনস্তা ও হুমকির প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা। মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত বিভাগের সকল পেট্রোল পাম্পে এই প্রতীকী কর্মবিরতি ও ধর্মঘট পালন করা হবে। এ সময়ে সিলেটের সকল পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম এবং সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ এক যৌথ বিবৃতিতে জানান, সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর চৌকিদেখি এলাকার উত্তরা পেট্রোলিয়ামে লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করার অনুরোধ করায় কয়েকজন উচ্ছৃঙ্খল তরুণ পাম্পের বিক্রয়কর্মী মিঠু গোয়ালাকে বেধড়ক মারধর করে।
এতে ওই কর্মী গুরুতর আহত হন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে সোমবার শ্রীমঙ্গলের একটি রিফুয়েলিং স্টেশনে এবং রবিবার রাতে সিলেট শহরের আরেকটি পাম্পেও কর্মচারীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতার মধ্যে কর্মীদের দায়িত্ব পালন করতে হচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালিক ও শ্রমিকরা রাতদিন পরিশ্রম করছেন। সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করে সিলেটে জ্বালানি সরবরাহ বৃদ্ধির চেষ্টা চলছে।
এর মধ্যে এমন হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। পাম্প ও কর্মরত শ্রমিক কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে পাম্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা, বিপিসি আরোপিত অযৌক্তিক দৈনিক কোটা পদ্ধতি প্রত্যাহার করা, স্বাভাবিক জ্বালানি বিপণন ব্যবস্থা পুনর্বহাল করা এবং সিলেট অঞ্চলে জ্বালানি সংকট নিরসনে জরুরি ভিত্তিতে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করা।
এস এম/ ১০ মার্চ ২০২৬









