দেশজুড়ে ১৪টি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন আজ

ঢাকা, ১০ মার্চ – দেশব্যাপী পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। মঙ্গলবার ১০ মার্চ রাজধানীর কড়াইল এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে স্থানীয় নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, প্রাথমিকভাবে দেশের ১৪টি নির্বাচিত এলাকায় এই কার্ড বিতরণ করা হবে।
ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নির্ধারিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি ও ভাষানটেক বস্তি এবং মিরপুরের অলিমিয়ারটেক ও বাগানবাড়ী বস্তি। ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন এই তালিকার অন্তর্ভুক্ত। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর পৌরসভা এবং বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এই কার্ড দেওয়া হবে।
খুলনা সিটি করপোরেশনের খালিশপুর, ভোলার চরফ্যাশনের আসলামপুর ইউনিয়ন এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নেও এই কার্যক্রম চলবে। পাশাপাশি কিশোরগঞ্জের ভৈরব থানাধীন শিমুলকান্দি ইউনিয়ন, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন, নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন, ঠাকুরগাঁও সদরের রহমানপুর ইউনিয়ন এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
এস এম/ ১০ মার্চ ২০২৬









